Showing posts with label আঙ্কিক অনুভূতি. Show all posts
Showing posts with label আঙ্কিক অনুভূতি. Show all posts

Friday, 19 January 2018

যোগ - ২

যোগ - ২
উৎসর্গঃ সোয়েব মাহমুদ 

অনুভূতি হারিয়ে যায় মধ্যদুপুরের নীরবতায়
চলে যাওয়ার মানেই শূন্যতার আদিবিন্দু
মুহূর্তগুলো ফ্যাকাসে হয়, চাওয়া পাওয়ার 
সমাবেশে শুধুই লেখা হয় রেখাপাতের জন্ম।

যোগের মতো সরল, বিয়োগান্তক মুহূর্তরা
পরাবাস্তব, কাল্পনিক মোমেন্টামের খেলাঘর
সাজঘরের আয়না ভেঙেছে, প্রতিবিম্বহীন
ঘরে এক কবি দাঁড়িয়ে, ডাক দিই নাম ধরে
সোয়েব... সোয়েব... সাড়াশব্দহীন ছায়া

অভিমানে ক্রুদ্ধদৃষ্টি ফেলি, সাহসী মুখের
ফোয়ারায় ভিজাই নিজেকে, কবিতাকেও।
অন্ধকারে বুক চিঁড়ে গাইছে রক অ্যান্ড ব্লুজ 
মৌন হই, চুপ থাকা ব্যতীত অন্য কাজ নেই।

আলোয় ভরে থাকার কথা শুকনো ঘরদোর, 
বিচ্ছুরণে মেতে ওঠার কথা দিনান্তের শোক
শ্লোকে মূর্ছনায় মাতম উঠেছে দূরের গ্রামে
পরিচিত নই, আবার খুব চেনা কাছের লাগে।

মনের মাইক্রোস্কোপে সোয়েবের চোখে দেখি
সরলতার যোগ অংক, ১০০ + ১০০ = ০
কবিতা বাজারের এই সহজ যোগ মিলিয়ে
দুজনে বেরিয়ে যাই একই পথে, নিরুদ্দেশে...

যোগ-১
ইমেল নাঈম

৭ + ৫ দেখেই সাতপাঁচ না ভেবেই বলো বারো
আমি কানকে অবিশ্বাস করে শুনি বাড়ো
নয়ছয়কে যোগ করে লিখি ৯ + ৬ = ১৪
উত্তর দেখে হেসেই উঠো, কেঁপে ওঠে সাগর
লাজুক চোকে অবনমিত হয়ে ভাবি ছেলেমি...

নির্ভুল বলে কী কোনো শব্দ আছে পৃথিবীতে
যেটাকে ভাবো নির্ভুল তা খুবই আপেক্ষিক
অন্ধকার মানে আলোকহীনতা, আমার ভুল
হলো আনমনা উদাসী চোখে তাকিয়ে থাকা।
চোখ পড়লে এখনো চুপসে যায় বুকের তাঁবু

তড়িঘড়ি করতে গিয়ে রেখে আসি কিছু চিহ্ন,
টের কী পাও, বুঝতে কী পারো ক্ষরতাপ!
উচ্ছ্বাস কী আঁকা যায় মনছবিতে! অপেক্ষায়
পেরিয়ে যাচ্ছে অনাবাদী সময়য়ের বিভেদ
বিচ্ছেদ আঁকছো, যোগ অংকে তুমিও কাঁচা।

সারাসময় যোগই করছো, পাচ্ছোনা উত্তর।
উত্তাপ বুকে চলছে কেবলই কাটাকুটি খেলা
তোমার যোগের খেলায় আমি এক অংক...
উত্তর মিললেই মিলিত হবে পরিস্থানের সুখ
আমাদের শেষ যোগফলও লেখা হবে খাতায়।