Showing posts with label সনেট. Show all posts
Showing posts with label সনেট. Show all posts

Sunday, 17 June 2018

দিনের হিসাব

দিনের হিসাব
ইমেল নাঈম

সত্য মিথ্যের প্রলেপে বাঁধা পড়ে নিয়মকানুন
বৃত্তের বাইরে জেগে থাকা চাঁদের আলোকে লিখে
রাখি ভুলভাল মন্ত্রপাঠে, জেগে থাকার পুরনো
ভয় গ্রাস করে চতুর্দিকে, তাড়া করে ফেরে শুধু...

নীরবতার ভাষায় ঝুলছে প্রহসন, আত্মঘাতী
হবার পরিণাম জেনেও চুপসে যাই— নির্বাক
সময়ের কাছে লিপিবদ্ধ থাকে পাপ পুণ্য বোধ
ছুটে চলার ফাঁকে হঠাৎ মাথাচাড়া দেয় স্বপ্ন

পিছুটানে বন্ধুর সময়, কেবলই দীর্ঘশ্বাস...
নিজ কানকে শোনানো হয় নি দুঃখ, হতাশা, ক্লেশ
মুগ্ধতা কাটলে অন্য আমি সামনে এসে দাঁড়াই
হাহাকার লিখতে লিখতে ক্লান্ত খুব— নিরুপায়...

নিজেকে ব্যর্থ প্রেমিক মনে হয়, উপেক্ষিত থাকি
আয়নার সামনে দাঁড়ালে ভুল সব তথ্য ভাসে।

Monday, 11 September 2017

চিৎকার

চিৎকার
ইমেল নাঈম

মধ্যবর্তী আলিঙ্গন আর কিছু অচেনা মুহূর্ত
লিপিবদ্ধ করতে হারাচ্ছে আবেগের শেষ বিন্দু
মুহুর্মুহু আর্তনাদে ভারী হচ্ছে চারপাশ আর
তার নিচে দাঁড়িয়ে আঁকছি বেখেয়ালি বিষণ্ণতা

কোরাসে ভাসছে চেনা গান, রিমেকের অবয়বে
বদলে যাচ্ছে অনুভূতির হিসেব। অবসরের
বিনোদনটুকু কেড়ে নিলো মুঠোফোন, তার ফাঁকে
মাথা চাড়া দিচ্ছে বৈধ কিম্বা অবৈধ প্রেমের গল্প

গোঁজামিল হিসেব খাতায়। উঠি করেও উঠিনি...
তাকিয়ে দেখি শূন্যতা গড়ে তুলছে বুভুক্ষু ক্ষত
গিলে খাচ্ছে আমার ভিতর, তীব্র দহনে পুড়ছি
হৈহৈ শব্দে পালাচ্ছি কেবল, রাখছিনা স্মৃতিচিহ্ন।

সময়ের কাছে বন্দী। মুক্তি খুঁজতে পেরুচ্ছে দিন
ঋতু বদলায় প্রহসনে, থাকে আর্তচিৎকার

প্রকাশকালঃ ২৮ ভাদ্র ১৪২৪

Tuesday, 23 May 2017

মিউজিক

মিউজিক
ইমেল নাঈম

থেমে যাও, জমেছে অনেক কথা। আবরণ খুলে
রাখো, প্রলোভনে মুছে যাক হিসাব নিকাশ
কতটুকু পথ মেপেছিলে মিথ্যের বসতির মাঝে
চলে যাবার আগমুহূর্তে, কিছু গল্প ফিরে আসে।

উপদেশ বাক্য জমা নেই, স্বপ্নকে হাতুড়ি পেটা
করে ব্যস্ততার পাঠ নিই, দুঃখের মলাটে বাঁধা
প্রান্তিক আবরণে আটকে ফেলি মৌন শব্দকোষে।
ভেসে আসে অনন্য সঙ্গীত, শুনিনি তার পুরোটা

অন্ধ হয়ে ফিরি – আঁকা হয় নি সম্পূর্ণ বিবর্তন
কিছু শিহরণ অচেনার বেশে ঘুরেফিরে আসে
নিজের ছায়ার পিছনে দৌড়ে লিখি আনন্দ’ পাঠ
সুর থামে, ঝড় থেমে যায়। থাকে ধ্বংসাবশেষ।

নিজেকে নিজের কাছে এত অচেনা লাগিনি আগে
নামতা পাঠেই পেরিয়ে যায় দুঃখের ধ্রুপদী সুর।

প্রকাশকালঃ ৯ জ্যৈষ্ঠ ১৪২৪

Wednesday, 2 December 2015

উপলব্ধি

চাপা আতঙ্ক আর আশঙ্কা আগামীর পথে ঘাটে...
সবাই নীরব, কারো মুখে কথা নেই, গিলে খাচ্ছে
সব অভিমান। পত্রিকার পাতা জুড়ে মিথ্যে বুলি
দেখেও দেখে না কেউ। কোনো কথা নেই। শুধু সহ্য...

লড়তে গিয়ে মরেছে প্রাণ তাকে নিয়ে রাজনীতি...
আমাকে কে শেখালো বাঁচার মন্ত্র, হার না মানার
বিশাল অঙ্গীকার। আগুন জ্বালিয়েছি ভুল পথে।
কারো কণ্ঠে ঝরতে দেখি নি, জীবনের সংগ্রাম।

অন্ধকার মুখ গিলে খায় আমাদের স্বপ্ন সুখ,
এখানে সৃষ্টির চাষবাস বন্ধ, ছেঁড়া তমসুক
জুড়ে স্তব্ধ করা নীরবতা। বোকাবাক্স দিয়ে যায়
অবাস্তব জ্ঞান বিতরণ, অবান্তর প্রদর্শনী।

প্রচণ্ড প্রিয় এ' রাজপথ, শ্লোগানে মুখর সন্ধ্যা
নিষ্প্রাণ পৃথিবী হাতছানি দেয় রক্তের প্লাবনে।

অপমৃত্যু

যে ফুলগুলো ঝরে পড়েছে অনাদরে তার জন্য
এক মিনিট জুড়ে বিভ্রান্তি ছড়ানো নাটুকে ছল
চোখ ঢেকে দাও বিজ্ঞাপনে, মুখে লাগুক লাগাম
স্বপ্নগুলো বেহাতে হারায়, পচে দুর্গন্ধ ছড়ায়।

প্রশ্নের জবাবে প্রশ্ন আসে, উত্তরের বিনিময়ে
অদ্ভুত নীরবতা বাঁচিয়ে রাখে কৌতূহলী মন।
সকাল কতদিন আসে নি, যারা আলোর পথিক
তাদের রক্তে বয়ে চলেছি রাজপথের মিছিল।

প্রবঞ্চনা আর প্রহসন - খুব কাছ থেকে দেখি
শোনা যায় আস্ফালন, বেঁচে থাকার গভীর ইচ্ছে
নগর সর্দার দরজায় বসাও কড়া প্রহরা
তোমার ভুলে ঝরছে ফুল, রক্তাক্ত হয় বাগান।

ফুলহীন বাগান জঙ্গল মাত্র। স্বপ্নহীন প্রাণ জানে
ধ্বংসের শেষ প্রলয়ে থাকে, সভ্যতার অপমৃত্যু।