Showing posts with label নৈশব্দ্যঃ সিরিজ. Show all posts
Showing posts with label নৈশব্দ্যঃ সিরিজ. Show all posts

Wednesday, 1 November 2017

নৈঃশব্দ্য - ৪

নৈঃশব্দ্য - ৪
ইমেল নাঈম

নৈঃশব্দ্য'র কাছে আছে নীরবতার কিছু ঋণ,
রুটিন মাফিক শব্দও নতজানু হয় তার কাছে
হেমন্তের কুয়াশার চাদরে ম্লান হয় ঘামের গল্প
সূর্যের উত্তাপ মিলিয়েছে যাবতীয় পাপ নিয়ে
জানালার ওপাশটায় কেবলই অন্ধকার...

বলেছিলে চুপচাপ হাঁটতে, শব্দ নয় কোনও
নিজের কাছে রেখে দিয়েছি পাপ পুণ্যের অংক
শিকড় উপড়াতে গিয়ে শিখরে পৌঁছেছি
কলতানে মুখরিত দেখে, মুখ ঢেকেছি চাদরে

মায়াজালে আটকে গেছে সময়, মরীচিকার পিছু
ছুটতে গিয়ে নিজেও আঁটকে গেছি ইন্দ্রজালে
অচেনা সময়ের পিছনে সেজেছি অন্ধ পথিক
একই ট্রেনে চেপে চলে যাচ্ছি নিজ গ্রহের বাইরে

শুনেছিলাম, অন্ধকার চিঁড়ে কিছু গল্প লিখা হয়
রঙপেন্সিল আঁকছে ষোড়শী মন, ড্রয়িংপেপারে
নেই অভিযোগ, কেবল অভিমানের পশরা
সাজিয়ে হিসেব করেছে মন খারাপের অংক।

প্রকাশকালঃ ১১ কার্ত্তিক ১৪২৪

Friday, 27 October 2017

নৈঃশব্দ্য - ৩

নৈঃশব্দ্য - ৩
ইমেল নাঈম

ডোডো পাখির মতো হারিয়ে যাও
নীহারিকা পথের ভিড়ে কিছু নক্ষত্র আজও জ্বলে
স্পর্শের বিনিময়ে জিতে নিয়েছো সব অংক,
এলোকেশী চুল লিখছে কবিতা বুকজুড়ে...

ভাত ঘুমের পরিবর্তে এক কাপ চা আসে
অফিস ডেস্কে বাজে আশির দশকের গান
মুখ বইয়ের পৃষ্ঠায় দেখি তোমার মুখ
মূকাভিনয় শিখে নিয়েছি হিল্লোল উৎসবে

আনন্দের ভাষা শেখা হয়নি আমার
আমি চোখ দেখে অনুমান করি দৃশ্য কল্পের
বিনিময়ে পুড়ে যায় বুক তীব্র ক্ষরণে।
নিকোটিন পুষে রেখেছি তোমার বিনিময়ে...

আহামরি গল্পের ভাজে নৈঃশব্দ্যতা লিখি
নৈবেদ্যর আশায় উড়িয়ে দিই নিজের মনন
হাহাকারে লিখে রাখি অপরিকল্পিত বর্তমান

নৈঃশব্দ্য আমাকে পরিণত করে যুদ্ধের জন্যে...
যুদ্ধশেষে দাঁড়িয়ে থাকে প্রলেতারিয়া মুহূর্ত।

প্রকাশকালঃ ৭ কার্ত্তিক ১৪২৪

Tuesday, 24 October 2017

নৈঃশব্দ্য - ২

নৈঃশব্দ্য -২
ইমেল নাঈম

বিমূর্ত শব্দের পাশে দাঁড়াও। প্রতিধ্বনি ফিরে আসে নীরবে।
চুপিসারে রেখে দাও মায়াবী ঘাতক, পায়ের চিহ্নে ভাঙন।
গড়বার সমীক্ষায় উড়ে আসে অচেনা অধ্যায়ের প্রলোভন
আত্মকথনে অহমিকা বেজে ওঠে টঙ্কার, একলব্য প্রহসনে।

অর্থ বদলে যায়। পাওয়া আর না পাওয়ার কঠিন সমীকরণে
পরাবাস্তব গল্পের মোহে উত্তাপ লিখে রাখে নীরব আলিঙ্গন
নিজের কাছে ফিরে যাওয়ার ভ্রান্ত বিশ্বাসে অংক মেলাই
কোনো মূকাভিনেতার অভিনয়ের শেষদৃশ্য দেখার অপেক্ষায়
মোহাচ্ছন্ন হয়ে থাকি কল্পনাতে ফানুশ ওড়ানোর ভঙ্গিমায়।

জাগতিক হিসাব মেলানোর জন্য বাস্তুসংস্থান করতে থাকি
ইকোসিস্টেম অনুযায়ী খাদ্য আর খাদকের অপূর্ব সমন্বয়
ঘড়ির কাটায় সময় পেরিয়ে যায়, নগরে জ্বলে সন্ধ্যাপ্রদীপ
মান অভিমান উপচে পড়ে নিয়নবাতির ল্যাম্পপোস্ট তলে
হাহাকার জন্মায় কেবল, পরে থাকে শূন্য কবিতার খাতা।

নিস্তব্ধতার সুরে ভেসে যায় রাত্রিকালীন অবসরের মুহূর্ত
নিজেকে আবিষ্কার করার জন্য রাতটিও হয় মৌনব্রত
এমন রাতে কবিরা সন্ন্যাসী হয়, প্রেমিকারা হয় গোলাপ...
এরপর তাদের মিলনে লিপিবদ্ধ হয় বিষণ্ণতার কবিতা।

প্রকাশকালঃ ৯ কার্ত্তিক ১৪২৪

Saturday, 21 October 2017

নৈঃশব্দ্য -১

নৈঃশব্দ্য -১
ইমেল নাঈম

নৈঃশব্দ্য আঁকছি। দিনের শেষভাগজুড়ে কেবল ঐকতান...
সুরের ঘোরে জমেছে বৃষ্টির খেলা। খোয়াবনামায় পেরুচ্ছে
দিন, গাণিতিক নিয়মে ফিরে আসে হারানো দিনের স্মৃতি
মৌখিক নোটিশে মুছে যাচ্ছে আমাদের আঙুলের গল্পগুচ্ছ

মেঘের ভাজে অভিমান। আবহাওয়া সংকেত তিন…
ডুবে গেছে আমার শহরের রাস্তাঘাট, অফিস ফেরত মুখ
মেনে নিয়েছে নাগরিক অসুবিধা। রোমাঞ্চ মুছে গেলে
জীবাশ্ম হয়ে বাঁচে প্রেম। তার বিনিময়ে মেলেনা কিছুই

জানালায় চোখ দিই, এরপিছনে কোনো গল্প লেখা নেই
সিনেমার উড়ে যাওয়া কোনো চুম্বন দৃশ্যের মতো অভিনয়
কেবল সাইরেন বাজিয়ে তোলে, গন্তব্য লেখা হয়নি তার
পাখির ডানায় কল্পবিজ্ঞান লিখি, আবেশ নাকি আকর্ষণ...
আততায়ীবেশে লিপিবদ্ধ করছি পাপ পুণ্যের স্বরলিপি,

নিজের কাছ থেকে লুকিয়ে যাচ্ছে, ছদ্মবেশ ধরে ক্লান্ত
নিজেকে চেনা হয়নি আজও…আয়নায় প্রতিবিম্ব ঝুলে।

প্রকাশকালঃ ৬ কার্ত্তিক ১৪২৪