Showing posts with label চন্দ্রাহত কবিতা. Show all posts
Showing posts with label চন্দ্রাহত কবিতা. Show all posts

Friday, 19 July 2019

গোরখাদকের জবানে

গোরখাদকের জবানে
ইমেল নাঈম

মলিন কিছু সম্পর্কের কাটাছেঁড়া দেখি রোজ
বৃক্ষের গা লেগে জন্মানো ছত্রাক,
শিকড়কে উপড়ে দিতে না জানা
আগাছাও জানে সেসব গল্পের কিছু অংশ,

রোজই ভেসে যেতে দেখি, বদলায় মুখশ্রী
আনন্দ বেদনা কিনেছে মুঠোফোন
দুঃখী মানুষের মিছিল দেখি,
নিশান উড়িয়ে কারা যেন ডাকে মৃত্যুকে...

ভয় নেই প্রিয়, বেঁচে থাকাই অনেক এখন
তড়িৎবাহিত তারের মতো
আহবান, ছুঁলেই মৃত্যু
দোটানায়, দ্বন্দ্বে মুখোমুখি কিছুটা সময়

হিসাবকে ছুঁড়ে ফেলে দিচ্ছি ইদানীং
যোগ বিয়োগের শেষে
গুণ ভাগের জটিল অংকে
কেবল মৃত্যু লেখা হয় নীরবে, অলক্ষ্যে

পলাতক আমি দৌড়ে পালিয়ে যাচ্ছি,
আসামীর খাতায় নেই নাম
তবু ছুটে চলার নাম জীবন
সম্পর্কগুলোর কবর দিয়ে ক্লান্ত

প্রতিদিনের দেখা মুখ, অচেনা হয় স্বার্থে
নিজেকে আবিষ্কার করি ভুল সময়ে
প্রশ্ন করতে ভুলেছি, দোষারোপের মন্ত্রে।

Saturday, 19 January 2019

পুরস্কার

পুরস্কার
ইমেল নাঈম

পদ্ধতি এখন অনেক সহজ। নিজেকে প্রকাশ করাটাও।
চাইলে মুদ্রিত হয়ে যায় কাঁচাপাকা, রূঢ় অনুভূতিগুচ্ছ
বিজ্ঞাপনও সহজলভ্য, ডাকযোগে পৌঁছে যায় জিনিস।

এখন ডায়েরির পাতাগুলো শূন্যই থাকে,
লুকনো থাকে না প্রিয় অনুভব,
গোপন কথা, প্রেম, অপ্রকাশিত যা আছে
মৃত্যুর পরে খুঁজেও পাওয়া যাবে না কিছু।

তবুও লোক দেখানো একটা মিছিল ছুটে যায় শহরে
শ্লোগান নেই, নীরবতাকে নিয়েই ছুটে চলে সেটি
শো-অফের পরে থাকে দামী মোবাইলের কারসাজি

মুখবইতে সহাস্যে ঝুলে নানাবিধ প্রাপ্তির খবর
শুভেচ্ছায় ভরে যায় মাথা হতে পায়ের তালু
নড়েচড়ে বসেন তারা, এই বুঝি জাতে উঠলো।
মুষ্টিমেয় বন্ধুদের ঘিরে রচিত সকল কার্যকলাপ

অথচ, অমরত্বের পথে হাঁটছে বামুন,
বনসাইয়ের চোখে তারাও অনেক বড়
আর, অমরত্ব অভিধানেরও বাইরে...