Showing posts with label গণিত কবিতা. Show all posts
Showing posts with label গণিত কবিতা. Show all posts

Wednesday, 8 August 2018

ভুল হিসাব

ভুল হিসাব
ইমেল নাঈম

মিথ্যে প্রলোভনে কাটাকুটি খেলা চলতেই থাকে, রাষ্ট্রবিরোধী সঙ্গীতে বেজে ওঠে দিনের সব অংক, থেমে যাওয়ার মূলমন্ত্র ছড়িয়ে ফেলছি বিষ। অংকের খাতায় কাটাকুটি খেলা চলছে। দিনের হিসেবে ব্যর্থ অভিনেতা হয়ে ফিরছে দূরান্তের আভায়। মিশে যাচ্ছে পাপের মহিমা। পুণ্য ফেরি করতে বসেছি ভুল উপত্যকায়। কেবলই ছুটে চলা মরীচিকার পিছনে।

দূরের আকাশ মিশে যায় মাটিতে। ছুঁতে যাওয়ার লোভটুকুও মিশিয়ে ফেলছি প্রান্তিক হিসাবটুকু বুকে নিয়ে। অল্পতে বিমর্ষ হয়ে পড়ছি, নান্দনিক আবেশে নিজেকে নিয়ে লিখছি প্রেম গাঁথা, চুপসে ওঠা গ্যাস বেলুনে চুপিচুপি উড়ে যাচ্ছে দূরে। নীরবে দেখছি নিভে যাওয়া সূর্যের আলোটুকু। অপঠিত প্রেমের কবিতার মতো নিভে যাচ্ছে আমার ভিতরের পুরোভাগ।

প্রতারকের জীবনী লিপিবদ্ধ করি। এরবেশি কিছু লিখি নি ব্যক্তিগত সংবিধানে। কোথাও থেমে যায় দূরের সাইরেন। হুইসিল বাজিয়ে চলে যায় গাড়ী দূরে। ফকফকা আলোর অপেক্ষায় রাত্রিযাপন। নির্বাসন নাকি পলায়ন তা নিয়ে ভাবা হয় নি খুব একটা। আবরণ খুলে ফেললে লুকোনোর কিছুই থাকে না। বিভ্রম, বিভেদ নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকি।

একদিন থমকে যায় সময়। ঘড়ির কাঁটা মুছে ফেলে জীবনের আনন্দক্ষণ। ছুটে চলার বিনিময়ে রয়ে যায় বিমূর্ত কিছু উপভোগ। মুছে যায় বিনির্মাণের সকল যন্ত্রপাতি। কাল্পনিক সুখে ছুঁয়ে যায় নিজের ভুলগুলো। টিকে থাকে কিছু রেশ, ভুলে ভরা কবিতার লাইন। থাকুক জীবনের কিছু প্রতারিত মুহূর্ত। ব্যক্তিগত খোলস খুলে যায় আমার, প্রকাশিত হয় অন্ধকার।

বাস্তবের মুখোমুখি হতেই চেয়ে দেখি সকাল হতে ঢের সময় বাকি।

Sunday, 14 January 2018

সরল রেখা

সরল রেখা
ইমেল নাঈম

আলপথ, পাশের সবুজ খেত। মলিন রেখা আঁকছি।
বিষণ্ণতার ক্যানভাসে আনকোরা শিল্পীর উগড়ে
দেয়া রঙতুলির সমাবেশে পেরোচ্ছে নির্বাক সময়।

দেয়ালঘড়িতে আঁকা মুহূর্তে হিসাবের শূন্য খাতা...
লেনাদেনার অংক মিলে আসে সূর্যাস্তর হিসেবে।

জ্যামিতীয় ছক, উপপাদ্য আর সম্পাদ্য'র নকশায়
মিলনের গল্পের ফোয়ারা, পিথাগোরাস কখনও
ফুলের অংক কষেননি, জানেননা ফুলের বৃত্তান্ত।

জমিনের আল জন্ম দিতে পারে অনেককিছুই
এ' কথা নীলনদের চেয়ে বেশি কেউ জানেনা
বন্যার পাড় ডুবে, লোকজন মাটিতে দাগ কাটে

বণ্টননামা, খাজনার অংকে ডুবন্ত লোক জানেনা
সরলরেখার মানে প্রেমে পড়ার আদিম উপায়
দুটো বিন্দুর মানেই দুমেরুতে দাঁড়ানো দুটো মুখ
এরপর ভাঙচুরের গল্প কেবল...মূকাভিনয়...

বৃত্ত আঁকা শেষ হলে সরলরেখার মৃত্যু লিখা হয়।

Saturday, 9 December 2017

ট্রাপিজিয়াম

ট্রাপিজিয়াম
ইমেল নাঈম

ট্রাপিজিয়ামের চোখে চোখ রাখি, বর্তুল পৃথিবীতে হাহাকার
কেবল উড়ে আসে। নির্ভুল জীবনের মাপজোকে নিরেট হিসেব।
ভুল, ভুলই একমাত্র সত্য। নদীর পটে গড়ে ওঠা সভ্যতায়
বলি হচ্ছে পাললিক স্পর্শগুলো, ম্লান হচ্ছে নির্বাক জীবন।

তোমাকে স্থূল দেখায়, লেন্সের কারণে... স্পষ্ট আর অস্পষ্টের
মাঝামাঝিতে সহবস্থান। ট্রাপিজিয়ামের বাহুগুলো অসমান্তরাল,
সেখানে অপলিপিবদ্ধ সুস্পষ্ট বার্তা — সব আবছা, রাডার ফাঁকি
দিয়ে উড়ে যাচ্ছে একদল প্রজাপতি, আমিও ট্রিগারে রাখি হাত।

ব্যারেলের উপর বসেছে একটি দোয়েল, নির্ভার দৃষ্টিতে দেখছে
সুন্দরের বিনির্মাণ প্রকল্পে গড়ে উঠছে অজস্র ধ্বংসাত্মক যন্ত্রাদি,
হাপিত্যেশ ঝরছে দিনপঞ্জির গল্পগুলোতে, আমি লিখছি অসুন্দর।

ট্রাপিজিয়ামের বুকে কেন্দ্র গড়ি যুদ্ধক্ষেত্রের মায়াজালে।
পড়ে আছে মৃত পাখিদের জীবাশ্ম, প্রজাপতিরা ফেরেনা ঘরে,
বর্তুল পৃথিবীর সভ্যতায় চাষাবাদ করি বনসাই, ইকেবানা
ট্রাপিজিয়াম আমাকে আস্বাদ দেয় অলীক চুম্বন, যৌনতার।

ট্রাপিজিয়ামজুড়ে দুঃখ — তোপধ্বনি শুনি ধ্বংসের  সাইরেনে।

প্রকাশিতঃ অন্যনিষাদ ওয়েব পত্রিকা

Monday, 14 August 2017

ম্যাথম্যাটিকস

ম্যাথম্যাটিকস
ইমেল নাঈম

ভারী কিছু কথার মাঝে লুকোনো স্পর্শ
জলজ সম্পর্ক মুছে যায় আগমনী গানে
কার হাত ছুঁয়ে এঁকেছ সরল সমীকরণ
BODMAS ফর্মুলা কী এখনো ভুল, ব্যর্থ

ব্রাত্য করেছো, পাটিগণিতের ঐকিকে
বানর কী আজো বেয়ে উঠে তৈলাক্ত বাঁশ
এলজেব্রার কঠিন সব সূত্র প্রেম থেকে
বহুদূরের পথে হাঁটে, রহস্যময় হয়ে
ফিরে যায় পিছনে দশমিকের অংকে।

বহুদিনই লসাগুর মতো এগুতে চাইছি
তুমি গসাগুর মতো উলটো পথে হাঁটছো
শতকরার মতো লিখে রাখছো আমাকে

স্পর্শ মুছলে অদৃশ্য তুমি বুকে আঁকো
কঠিন সব সমীকরণে নিজেকে পাইনা
পাইনবন ফেলে চলে যাই আরো দূরে
ভগ্নাংশকে মিলাতে থাকি, পূর্ণ সংখ্যা
বানাবার প্রয়াসে মুছে যায় আয়োজন।

পিথাগোরাসের সমাধানে তুমি ব্যস্ত
আমাকে পড়ার মতো সময় কই?
সুদকষা মেলাতে গিয়েও মিলছে না
বুকের বাঁপাশের গ্যালিলিও'র অংক।

প্রকাশকালঃ ২৯ শ্রাবণ ১৪২৪

Friday, 4 August 2017

পরিমিতি

পরিমিতি
ইমেল নাঈম

আয়তক্ষেত্র জুড়ে আঁকি বিশাল রঙিন ফানুস
বৃত্তের কল্পনায়  মাপতে ভুলেছি রেখার ঘনত্ব
সূত্র বসাই, আয়তক্ষেত্র = ২ X দৈর্ঘ + ২ X প্রস্থ
পুরো অংক মিলাতে গিয়ে খেই হারাই বারবার

মাঝের কাটাকুটিটুকু গণনার বাইরে রয়ে গেলো
প্রান্তিক হিসাবের খেরোখাতাটি ভুল পথের যাত্রী
পিছন ফিরে মাপি কতটা ভুল হলো বর্গক্ষেত্রে

নিজের জন্য কোনো খালিস্থান নেই, মনের
মালিকানাও বেঁচে দিয়েছি ঘনকের সূত্রে
ভ্রান্ত সময়ে ক্লান্তি আঁকছি, চক আর ডাস্টারে
নিজেকে মাপতে শিখেছি পরিমিতির সূত্রে

হারিয়ে গেছে পুরোনো ইচ্ছেরা, ডুবসাঁতারে
পেরিয়ে যেতে পারি চিরচেনা বন্দর, পাওনার
খাতায় বিশাল এক শূন্য, অংক মিলাই আবার।

ভুল আর ঠিক এই দুয়ের মাঝে বসবাস
বিভ্রম আর বাস্তবের মাঝখানে গেছি আটকে।
যেখানে ভুল হিসাব ঠেলে শূন্যতা গড়ে আবাস
তার কাছে ফিরে আসি উলটো সাঁতারে।

প্রকাশকালঃ ২০ শ্রাবণ ১৪২৪

Friday, 28 July 2017

বৃত্ত সংক্রান্ত

বৃত্ত সংক্রান্ত
ইমেল নাঈম

আনুভূমিক রেখা আঁকছি বিচরণ ক্ষেত্রে
শান্তির প্রয়াসে ওড়াচ্ছি শাদা পায়রা
উর্বর মাটি ক্রমশ হয়ে উঠছে নিষ্ফলা
বৃত্তের ব্যাসার্ধ জুড়ে নেমে আসছে ধাঁধাঁ

স্পর্শকের বুক চিড়ে ধ্রুপদী ব্যথার জন্ম
তারা এঁকে দিয়ে যায় বিশালাকৃতির ক্ষত
বৃত্তের প্রয়োজনীয়তা ভুলে যায় কৃষক
আকাশে তাকিয়ে অনুভব করে শূন্যতার।

কিছুকিছু সম্পর্ক জ্যা’র মতো, দূরবর্তী
আবেশে দাঁড়িয়ে থাকে স্মৃতির বারান্দায়
অপেক্ষায় থাকে কেন্দ্রের সিগন্যালের
এরা কাছে আসেনা, দূরের ব্যথায় থাকে।

পড়ন্ত বিকালে ক্লান্তি নামে ছেদকের বেশে
এফোঁড়ওফোঁড় করে ফেলে ভিতরের সব
দুঃখগুলোকে একদম ভাগ করা যায়না
শব্দ নয়, নীরবতা জানে বৃত্তের কষ্টগুলো।

মনকে ছুঁতে পারে কয়জন? কেউ অর্ধেকে
থামে ব্যাসার্ধের ভাগ্য নিয়ে। গোপন কোনো
প্রণয়ের ভাজে লিখে রাখে সোনালি অতীত
বিনিময়ে মিলেনি চাওয়াপাওয়ার হিসাব

শেষ পর্যন্ত টিকে থাকে অর্ধমৃত সম্পর্ক
কেন্দ্র ছুঁয়ে এক প্রান্ত থেকে অন্যপ্রান্তের
মাঝে সম্পর্ক আঁকে ঠিক ব্যাসের মতো
পুরুষতান্ত্রিক একছত্র অধিকার থাকে,
এসবের মাঝে বৃত্তটি অবহেলায় মরে যায়।

Wednesday, 24 May 2017

গণিতের ক্লাস

গণিতের ক্লাস
ইমেল নাঈম


শূন্যতা + পূর্ণতা = অস্থির দিনলিপি, ইকুয়েশনের মাঝে
লুকায়িত কিছু প্রবাবিলিটি, অস্থিরতা বাড়ে লোডশেডিংয়ে
অংকের খাতায় লিখে রাখছে কবিতা, জমাটবদ্ধ শব্দে
প্রাপ্তিযোগ ক্রমশ শূন্য হয়ে ওঠে। ডাকাডাকি থামলে
ক্যালকুলাসের জটিল সমীকরণ একমাত্র সত্য হয়।

লিখতে না পারা অনেক কথায়, গণিত খাতাটা অন্যরকম
রোজকার বর্ণমালার যোগ অংকে ফুটে ওঠে আবেগ
অর্থহীন কিছু শব্দ শোনায় মন ভালো করা সঙ্গীত
যোগ বিয়োগের ভ্রান্ত বিলাসিতার শেষে একাই ফিরছো

পরিমিতির পরিমতবোধে নিজেকে আটকে রাখি সুশীলতায়,
বিচ্ছেদের গল্প পড়তে পড়তে ডুবছি অন্যকোনো সমীকরণে
মন খারাপের পরিমাপ জানে এক শলাকা দেশলাইকাঠি,
জ্বালানো মাত্রই খুঁজে পাই নিঃশেষিত ঘ্রাণ, সান্ত্বনাবাক্যের
শেষে আলটপকা বৃষ্টির জন্য অপেক্ষারত থাকি।

জ্যামিতির ক্লাসে তুমি বৃত্ত আঁকো, আমি সমান্তরাল রেখা।
পরিস্থিতি আঁকলো বিপ্রতীপ কোণ, আমরা দুটো ভিন্ন
কোণে বসে মিলিয়ে নিচ্ছি আমাদের গণিতের হোমটাস্ক।

প্রকাশকালঃ ১০ জ্যৈষ্ঠ ১৪২৪

Sunday, 11 December 2016

সমীকরণ

সমীকরণ
— ইমেল নাঈম

আংশিক অনুমান করি। ইচ্ছেরা আজ অচেনা...
রেখা আঁকা শেষ হলে বুঝি পেরিয়ে গেলো বছর
রেখায় পা রাখতে বুঝলাম — পথে নামা সোজা না
বিন্দু আঁকছি। রেখা গড়ছো। দৃষ্টির আড়ালে মুখ।

সমীকরণের মতো সরল, বদমাশ ফর্মুলা
মানতেই হবে... না মানার পরিণাম জানা নেই
হতে পারে শুরু আবার এখানেই হতে পারে শেষ
সূত্র মিলিয়ে সমাধান মানে আনন্দের ফোয়ারা

পথিকের গল্প মিললে উড়ে যায় গল্প ও কথা
ফিনিক্স পাখির মতো নবজন্ম আঁকছি, ক্রমশ
রাত ফুরোলে পৌরাণিক কাহিনীর সমাপ্তি হয়
অনেকটা বিন্দু থেকে রেখার অসমাপ্ত বর্ণন

হিসাব মিললে আমি নতুন সমীকরণ লিখি
তোমার স্বার্থ + আমার স্বার্থ = ভালোবাসার সম্পর্ক
সমীকরণ মেনে নিয়ে চলছে অভিনয় পর্ব...

Wednesday, 7 December 2016

বৃত্ত বা ত্রিভুজের সমাপ্তি

বৃত্ত বা ত্রিভুজের সমাপ্তি
ইমেল নাঈম

১।

আমাকে ঘিরে আছে ব্যাসার্ধ, কেন্দ্র মেনে
পরিভ্রমণ হলেই জন্ম নিতে পারে বৃত্তের
শৈশবের অংক'র মতো আয়নার প্রতিবিম্বে
ভেসে আসে বেসুরো সুর। স্পর্শক আঁকছি
আঁকতে আঁকতে ছেদকের জন্ম দিবো

২।

দুটো রেখাকে ভাঙছি বিন্দু দিয়ে
ভাঙলে একের যায়গায় দুটো হয়,
বৃত্তের কেন্দ্র ছুঁলে জন্মায় ব্যাস
আমি তাকেই প্রেম ভেবে ভুল করি

৩।

বৃত্তের ভিতরে ত্রিভুজ আঁকি
কেন্দ্র থেকে তুমি নির্দেশক
মাঝে মধ্যমা এঁকে দিচ্ছো
আমি তাকে পরকীয়া ভেবে
ইরেজারে মুছতে চাইছি বৃত্তকে

৪।

বৃত্ত মুছলে সম্পর্কের কিছুই বাকী থাকেনা
সমবাহু ত্রিভুজটিও বিষম আকারে সাজে
অতিকষ্টে আঁকা ছেদকটিকে কে যেনো
আড়ালে পরিমার্জন করছে প্রেমের নামে।