ইমেল নাঈম
উন্মুক্ত বাহুতে ঝুলিয়েছো ই + প = ভালবাসা
উল্কিতে ঢাকা পেলবতা, ভেতরটা কোমল ভীষণ
নিজের লেখা চিরকুটের সাংকেতিক ভাষাটিও
দুর্বোধ্য হয়ে গেছে কালের স্রোতে।
মহাকালের বনবাদাড়ে লেখা কবিতাটিকেও
খেলো কর্পোরেট বিজ্ঞাপন বহুজাতিক মোড়কে
ত্রিমাত্রিক বিন্যাস বলে নতুন কোনো শব্দ নেই
অব্যাখ্যাত কিছু প্রান্তিক শব্দশৈলীয় কারুকাজ
অংকে তুমি পটু, ১+১=৩ লিখোনি কখনো;
আবেগী অনুভবে রয়ে গেছে পুরনো হিসেব
প্রেমটুকু হারালে অনুভূতি থেকে যেতেও পারে
যেমন করে মুছতে পারোনি উল্কি আঁকা যোগ।
বোঝাতে পারিনি প্রেমে ভুলটাই হয় ঠিক
১+১=২ এর মতো মিলিয়ে নিলে নিজের প্রাপ্য,
শুধু উন্মুক্ত বাহুতে ঝুলছে ই + প = ভালবাসা...